পাকিস্তানের বিভিন্ন স্থানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৭ মে) পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।
তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।
পাকিস্তানভিত্তিক ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
হামলায় হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে।
কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
এর আগে ভারত শাসিত জম্মু-কাশ্মিরে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর জবাবেই পাকিস্তানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। তবে পাকিস্তান বরাবরই ওই হামলার দায় অস্বীকার করে আসছে।
ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে আটজন নিহত
ভারতে পাল্টা হামলা পাকিস্তানের
ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের