বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটি জেলায় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এর ফলে রাঙ্গামাটি জেলাসহ ১০ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুর্যোগ এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি এবং নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
রাঙ্গামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু এসব উপজেলায় পূর্বের অভিজ্ঞতা ও প্রাণহানির ঘটনাকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া অভ্যন্তরীণ নৌপথের যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটির ভেদভেদী, শিমুলতলী, লোকনাথ মন্দির এবং বিএডিসিসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করে পাহাড়ের পাদদেশ থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসার অনুরোধ করেন। পরিদর্শনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এসময় তিনি গণমাধ্যমকে জানান, ২০১৭ সালের ভয়াবহ পাহাড় ধসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রাঙ্গামাটি জেলার ৩১টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় পাঁচ হাজার পরিবার ও ২০ হাজার মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে। বৃষ্টি বেড়ে গেলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রতিটি এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজন হলে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। তবে আশ্রয়কেন্দ্র প্রস্তুত থাকলেও সেখানে যাচ্ছে না ঝুঁকিতে থাকা বসবাসকারীরা।
এদিকে, প্রশাসনের নিদের্শনা না মেনে কোনোরকম নিরাপত্তা ছাড়াই কাপ্তাই হ্রদে পর্যটকদের ঘুরতে যেতে দেখা গেছে। এসময় করে কাপ্তাই হ্রদের পানি উত্তাল রয়েছে। ফলে এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মানসম্পন্ন আম বাজারজাতকরণে উদ্যোগ
মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ২৯ জনকে ঠেলে পাঠালো বিএসএফ