চাঁদপুরে শৌচাগারের জানালা ভেঙে ঘরে ঢুকে ৬৫ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। পরে তার মরেদেহ রান্নাঘরের পাশে পাতার স্তূপে লুকিয়ে রেখে পালিয়ে গেছে। শুরুতে ডাকাতি বলে এই হত্যা ধারণা করা হলেও পুলিশ জানিয়েছে ঘর থেকে কিছু খোয়া যায়নি।
বুধবার (২৫ জুন) দিবাগত রাতের কোনো এসময় চেঅর কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়াবাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মমতাজ বেগম। তিনি ওই বাড়ির বাসিন্দা ও বাচ্চু কোম্পানির স্ত্রী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, রাতে ঘরে একা ছিলেন মমতাজ বেগম। ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে মাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এসময় ঘরের দরজা খোলা ছিল, আর কক্ষগুলো ছিল রক্তাক্ত।
পরে এলাকার মানুষ খোঁজের এক পর্যায়ে রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢাকা অবস্থায় মরদেহ পাওয়া যায়। মরদেহে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর জখম দেখা গেছে।
এলাকাবাসীর দাবি, দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে। ঘর থেকে রক্তাক্ত দা ও বটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, শুরুতে ডাকাতির কথা বলা হচ্ছিলো, তবে ঘর থেকে তেমন কিছু খোয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে।
