রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বানানোর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৩৫টি তাজা ককটেল ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। পুলিশ বলছে, ক্যাম্পের অভ্যন্তরীণ সংঘর্ষ ও সম্প্রতি সময়ে রাজনৈতিক কর্মসূচিতে এগুলো ব্যবহার করার কথা ছিলো।
এর আগে বৃহস্পতিবার ককটেল বিস্ফারণের সময় তিনজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প অভিযান চালানো হয়।
এসময় ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে ককটেল বানানোর কারখানার সন্ধান পায় পুলিশ। তিনতলা ভবনের প্রতিটি তলা এবং সামনের আরও একটি ভবনে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম।
পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে উদ্ধার হওয়া ৩৫টি বোমা নিষ্ক্রিয় করে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট।
ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (মোহাম্মদপুর) আব্দুল্লাহ আল মামুন জানান, এলাকাটি স্থানীয় শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত।
পুলিশের দাবি, ওই কারখানায় তৈরি ককটেলগুলো ব্যবহার করা হয় অভ্যন্তরীণ সংঘর্ষে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও সেগুলো সরবরাহ করা হতো বলে ধারণা করা হচ্ছে।
ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
ড্রাম থেকে ব্যবসায়ীর ২৬ টুকরা লাশ উদ্ধার: সন্দেহের তীর বন্ধুর দিকে