গণপরিবহন, সড়কের নকশা, চাকরিসহ সব কিছু ঢাকা কেন্দ্রীক গড়ে ওঠায় মহানগরে ট্রাফিক জ্যাম বেশি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলতে চাই। যেখান শিক্ষা, স্বাস্থ্যের সব সুবিধা থাকবে। এ বিষয়ে পরিকল্পনা চলছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান।
তারেক রহমান বলেন, ঢাকায় ফ্লাইওভারে হয়েছে, মেট্রোরেল দেখছি। কিন্তু মেট্রোরেল ব্যয়বহুল, জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। এটি ছোট ছোট বগি। মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটি কানেক্ট করা যায়। বিএনপির ভাবনায় এটিও রয়েছে।
মনোরেল
মনোরেল হলো এমন এক ধরণের রেল ব্যবস্থা যা একটি মাত্র বিমের ওপর ভিত্তি করে চলে। সাধারণ ট্রেনের মতো এতে দুটি সমান্তরাল লাইন থাকে না, বরং একটিমাত্র লাইনের ওপর ট্রেনটি ভারসাম্য বজায় রেখে চলাচল করে।
- এটি রাস্তার ওপর দিয়ে বা খুব সরু জায়গায় তৈরি করা যায়, তাই ঘনবসতিপূর্ণ শহরের জন্য এটি অত্যন্ত উপযোগী।
- সাধারণত মনোরেল বৈদ্যুতিক শক্তিতে চলে, যা বায়ু ও শব্দ দূষণ কমায়।
- আধুনিক মনোরেলগুলো স্বয়ংক্রিয় এবং চালকবিহীন হতে পারে।
- পাতাল রেলের তুলনায় মনোরেল তৈরি করতে খরচ ও সময় অনেক কম লাগে।
- বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যেমন জাপান, চীন এবং ভারতে মনোরেল যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এসময় কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদক ও ক্রেতার মধ্যে বিভিন্ন জন কাজ করেন। এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু অনৈতিকভাবে কেউ লাভ করতে চাইলে সেটি ঠেকাতে হবে। কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, যে পরিকল্পনা করি না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এগুলো ঠিক করা গেলে অন্য বিষয়গুলো ঠিক হবে। তাছাড়া মন-মানসিকতার উন্নতি করতে হবে। আমরা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আগাতে চাই।
তিনি বলেন, অনেক কিছু করতে চাই না, অল্পকিছু করতে চাই। কিন্তু ঠিকভাবে করতে চাই। যা পরের প্রজন্ম এগিয়ে নিয়ে যাবে। এসময় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা চালুর কথাও জানান তারেক রহমান।
আমরা গণতন্ত্র চর্চা শুরুটা করতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা যতো বেশি করবো, যারা বেশি কাজ করতে চায় তাদের ততো বেশি পাওয়া যাবে। এমনকি যারা কাজ করতে চায় না তাদেরও চেনা যাবে।
এসময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমরা রহমান বলেন, সাইবার বুলিং বা অনলাইন হেনস্তা রুখতে সেক্ষেত্রে পরিবার, সমাজকে সজাগ হতে হবে।
জাইমা বলেন, ফেসবুকসহ অনেক প্ল্যাটফর্ম বাংলাদেশে কাজ করে না। ওদের অফিস এখানে আনা গেলে সাইবার বুলিং বা অন্যায়কারীদের ধরা সহজ হবে। এ বিষয়ে আইন পারমিট করলে ভাবা যাবে।
