দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তিন মাসের বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গুবিরোধী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা পর্যায়ের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত পাঁচটি করে আলাদা শয্যা বরাদ্দ রাখার বিশেষ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সারাদেশে এডিস মশার লার্ভা ধ্বংসে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রতি শনিবার ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোতে সমন্বিত ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালিত হবে। এই বিশেষ কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবীরা প্রতি শনিবার লার্ভা ধ্বংসের কাজ করবেন এবং সরকারি কর্মীরা প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন।
অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসককে প্রধান করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সারাদেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলার দায়িত্বশীল কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে মাঠপর্যায়ের দিকনির্দেশনা গ্রহণ করবেন।
