খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
অবরোধের কারণে শনিবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটে যানবাহন চলাচল করেনি।
অবরোধের সমর্থনে জেলা শহরের বিভিন্ন সড়কে পিকেটারদের পিকেটিং করতে দেখা যায়। সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন পিকেটাররা। তবে খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা সরিয়ে দেন।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা ছিলো। এছাড়া জেলার প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এদিকে সকাল থেকে হঠাৎ যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন খাগড়াছড়িতে আসা দূরদূরান্তের যাত্রীরা। ঢাকা থেকে আসা যাত্রী মো. শহিদুল ইসলাম জানান, সকালে বাস থেকে নেমে তিনি জানতে পারেন আজ আধাবেলা সড়ক অবরোধ চলছে। বাধ্য হয়ে তাকে দীর্ঘ সময় বাস টার্মিনালেই বসে থাকতে হয়েছে।
একই দুর্ভোগের কথা জানান নোয়াখালী থেকে দীঘিনালাকামী যাত্রী মো. শফিকুল ইসলাম। তিনি জানান, খাগড়াছড়ি পৌঁছানোর পর অবরোধের কথা জানতে পেরে তিনি আটকে পড়েন।
দুপুর ১২টার পর থেকে সড়কে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে আধাবেলা সড়ক অবরোধ শেষ হয়েছে।
