ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফেরার ইচ্ছার অংশ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ।
সোমবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ সংক্রান্ত একটি চিঠির বরাতে এই তথ্য জানিয়েছে।
এদিকে, রয়টার্সের সংবাদের সূত্র ধরে এদিন সকালে ঢাকায় পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করেন নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন কি না— তবে সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র সচিব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনার এই পদক্ষেপকে দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। দীর্ঘ শাসনের অবসান ঘটানো সেই প্রাণঘাতী গণঅভ্যুত্থানের দুই বছরেরও বেশি সময় পর তার এই ফেরার কথা সামনে এলো, যার মধ্যে দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা সোমবার জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় দেওয়া হয়েছিলো, তবে ভারত থেকে দেওয়া বক্তব্যে তিনি সব সময় এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।
লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এ কর্মরত শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের পরিপ্রেক্ষিতে, আমি অত্যন্ত সম্মানের সঙ্গে অনুরোধ জানাচ্ছি যে, আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
ওই চিঠিতে তার জন্মসূত্রে পাওয়া বাংলাদেশি নাগরিকত্বের আইনি ভিত্তি এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত দলিলের বাধ্যবাধকতা’ মেনে অত্যন্ত দ্রুততার সঙ্গে পাসপোর্ট ও এনআইডি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহবান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কথা বলার জন্য দিল্লিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের প্রতিনিধি ও তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্যের অনুরোধ পাঠানো হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইশিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, ‘পলাতক ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি হিসেবে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না।’
ক্ষমতাচ্যুতির আগে শেখ হাসিনার নেতৃত্বাধীন ‘আওয়ামী লীগ’ ছিলো দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। তবে বর্তমানে আইন অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। একই সঙ্গে দলটির অধিকাংশ শীর্ষ নেতা ও সহকর্মী হয় দেশের কারাগারে বন্দি আছেন, নয়তো ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
দীর্ঘ বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর ধরে বাংলাদেশ শাসন করার ফলে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও সমর্থকদের একটি বিশেষ অংশ এখনও মাঠে সক্রিয়। এমতাবস্থায় তার এই আকস্মিক প্রত্যাবর্তন দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে—বিশেষ করে এমন এক সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকার বিগত দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা সামলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই পদক্ষেপে ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় আসতে পারে; যে সম্পর্কটি মূলত নয়াদিল্লি তাকে দীর্ঘ সময় আশ্রয় দেওয়ার পর থেকে মারাত্মকভাবে হিমশীতল ও খারাপ হয়ে গিয়েছিলো।
