খ্রিষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে শনিবার (২৫ ডিসেম্বর) হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার কার্যক্রম চালু রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে বন্দর দিয়ে দুই দেশের মাঝে সকল বানিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার বন্ধ ছিল বন্দরের কার্যক্রম। আবার রোববার সকাল থেকে এ বন্দর দিয়ে দুই দেশের মধ্য আমদানি-রফতানিসহ সকল বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।
আরও পড়ুন: ওমিক্রনের ধাক্কায় চার হাজার ফ্লাইট বাতিল
হিলি স্থল বন্দর ভারত ও বাংলাদেশের দিনাজপুর জেলার অন্তর্গত হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। বাংলাদেশ সরকার ১৯৮৬ সালে হিলি স্থল বন্দর প্রতিষ্ঠা করে। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুই দেশের মানুষের যাতায়াতের পাশপাশি পণ্য আমদানি-রফতানি হয়। ভারতের অন্তর্গত হিলি গ্রামের অংশটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত।
একাত্তর/আরবিএস
