ডলারের দাম আরও এক টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

ডলারের দাম আরও এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে এখন ডলার কিনতে হবে প্রতি ডলার ১০০ টাকায়। 

এর আগে, গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল। এক মাসের ব্যবধানে ডলারের দাম আরও এক টাকা বাড়ানো হল। 

বাংলাদেশ ব্যাংক জানায়, বাজারের দামের সঙ্গে সংগতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে। এর ফলে এখন বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানান, বাজারের দামের সঙ্গে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। তাতে হুহু করে বাজারে বাড়তে থাকে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়াতে থাকে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলেও প্রতি ডলারের বিক্রয়মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে। এখন তা প্রায় সোয়া ১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০০ টাকায়।

ডলার সংকটের কারণে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে নিয়মিতই ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। তবে খোলাবাজার ও ব্যাংকের ডলারের দামের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বিক্রি করা ডলারের দামের কোনো সম্পর্ক নেই। ব্যাংকগুলোয় ডলারের দাম কেন্দ্রীয় ব্যাংকের দামের চেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংক মূলত সরকারের খাদ্য, জ্বালানি, কীটনাশক আমদানির পাশাপাশি বেসরকারি খাতের কিছু পণ্য আমদানির জন্য রিজার্ভ থেকে ডলার বিক্রি করে। এসব আমদানির ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাংকের এ দাম কার্যকর হয়। কেন্দ্রীয় ব্যাংক যখন ডলারের দাম বাড়ায়, তখন তা আমদানির ওপরও প্রভাব ফেলে। কারণ, তাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে সরকারি বা বেসরকারি উদ্যোগে যেসব পণ্য আমদানি করা হয়, সেগুলোর আমদানি খরচও বেড়ে যায়।

সংকট কাটাতে রিজার্ভ থেকে নিয়মিতভাবে ডলার বিক্রির ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন দাঁড়িয়েছে প্রায় ৩৪ বিলিয়ন ডলারে। আগামী সপ্তাহের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর পাওনা এক বিলিয়ন ডলারের বেশি পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আরও কমে যাবে। এদিকে রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার হলেও প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ আরও ৮ বিলিয়ন কম। কারণ রিজার্ভের অর্থ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলসহ বিভিন্ন খাতে এ পরিমাণ ডলার বিনিয়োগ করা আছে।

আরও পড়ুন: সব সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা দেওয়ার প্রস্তাব

এদিকে, সোমবার (২ জানুয়ারি) রপ্তানিকারকদের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। ফলে এখন থেকে রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০২ টাকা। নতুন এ সিদ্ধান্ত গত সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে বেসরকারি খাতের রপ্তানি, আমদানি ও প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে এবিবি ও বাফেদা। প্রবাসী আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারের বিপরীতে মিলছে ১০৭ টাকা। আর আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের নির্ধারণ করা হয়েছে প্রবাসী ও রপ্তানি আয়ের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।

বর্তমানে প্রবাসী আয়ে ডলারের দাম ১০৭ টাকা আর রপ্তানি আয়ে এ দাম ১০২ টাকা। সেই হিসাবে প্রবাসী ও রপ্তানি আয়ের গড় দাঁড়ায় ১০৪ টাকা ৫০ পয়সা। এ গড়ের সঙ্গে ৫০ পয়সা যোগ করে ১০৫ টাকা হবে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম।


একাত্তর/জো

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর