ভোক্তা পর্যায়ে বেসরকারি কোম্পানির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমানো হয়েছে। চলতি মাসের জন্য ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ২৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ৫০ টাকা ৯ পয়সা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।
কমিশনের ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতের প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৪৮ পয়সা, যা আগের মাসে ছিল ১০২ টাকা ৯১ পয়সা। পাশাপাশি সাড়ে পাঁচ থেকে ৪৫ কেজি পর্যন্ত বোতলজাত সব এলপিজির দাম একই হারে সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন: টিস্যু পেপারের দাম বাড়তে পারে
একইভাবে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের জন্য প্রতি কেজি রেটিকুলেটেড এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা যা আগের মাসে ছিল ৯৯ টাকা ৬৮ পয়সা এবং রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় প্রতি লিটারের দাম শূন্য দশমিক ১৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল শূন্য দশমিক ২২১৫ টাকা।
বিইআরসি জানায়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি টন ৪৪৩ দশমিক ৫০ মার্কিন ডলার বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে।
একাত্তর/এসজে
