বাংলাদেশ থেকে ৬ হাজার ট্যাক্সিচালক নেবে দুবাই

আপডেট : ১৭ মে ২০২৬, ০৯:০৪ পিএম

দুবাই ট্যাক্সি কোম্পানিতে বাংলাদেশিদের সাফল্য দেখে নতুন করে আরও ৬ হাজার জনবল নিতে চায় দুবাই। এ নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল।

রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী দুবাই থেকে আগত প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ও বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। আর এই পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

এছাড়া দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়ার বিষয়ে তিনি প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন। একই সাথে তিনি চালকদের পাশাপাশি, বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সদের মতো ‘হোয়াইট কলার’ বা পেশাজীবী কর্মী নিয়োগের জন্য প্রতিনিধি দলকে আহ্বান জানান।

সাক্ষাৎকারে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭ দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। এমনকি দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলতার সাথে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে তারা উল্লেখ করেন।

তারা আরও জানায়, আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য বাংলাদেশি চালকদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। এই দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ চালকসহ এই বছরে ৬ হাজার গাড়িচালক নিয়োগ দিতে আগ্রহী তারা।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে একজন গাড়িচালকের দুবাই যেতে বর্তমানে অনেক টাকা খরচ হয়। এই কর্মীরা অত্যন্ত দরিদ্র ও খেটে খাওয়া মানুষ, যারা অনেক কষ্ট করে বা ঋণ নিয়ে এই টাকা জোগাড় করেন। এজন্য তাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে এই অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা জানান, গাড়িচালক ছাড়াও বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক হিসেবে কর্মী নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধি দলসহ মন্ত্রণালয়ের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

একাত্তর/এনকে
বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী দুবাইয়ের  স্থানীয় আরবি ব্যবসায়ীরা। অর্থনৈতিক সহযোগিতা বিনিময়, ব্যবসায়িক তথ্য আদান-প্রদানসহ বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন দুবাই চেম্বারের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর