পরিচালনার অনিয়মসহ দেড়যুগ ধরে প্রায় সোয়া দুইশ কোটি টাকা লোকসানে জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জের ইতালি শাখা। প্রয়োজন না থাকায় নিয়ন্ত্রক সংস্থা বন্ধ করে দেয়ার সুপারিশ করলেও ইমেজ বা ভাবমূর্তি খোয়া যাওয়ার ভয়ে, সেটি ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখার পাঁয়তারা করছে অর্থ মন্ত্রণালয়। বিশ্লেষকরা মনে করেন, শুধু ভাবমূর্তির অজুহাতে করের টাকা নষ্ট করার কোনো মানে হয় না।
রাষ্ট্রীয় ব্যাংক হয়েও, কার্যক্রম পরিচালনা, ঋণ দেয়াসহ প্রতিটি পদক্ষেপেই অনিয়মের চরম দৃষ্টান্ত স্থাপন করে জনতা ব্যাংক। অবস্থা এতোটাই শোচনীয় যে, বর্তমানে প্রতি ৪ টাকার, ৩ টাকাই খেলাপি ঋণ এখন প্রতিষ্ঠানটির কাঁধে। শুধু দেশে নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবা বিস্তৃত করার চিন্তা থেকে বাইরে কার্যক্রম বিস্তৃত হলে, পিছু ছাড়েনি অনিয়ম-দুর্নীতি।
২০০২ সালে ইতালির রোম এবং ২০০৪ সালে মিলানে, কার্যক্রম শুরু করে জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বলছে, ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রতিষ্ঠান দুটি নিট লোকসান করে ১ কোটি ৫৩ লাখ ইউরো। যার পেছনে রয়েছে পরিচালনায় অদক্ষতা, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় এবং অনিয়ম। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ভর্তুকি হিসেবে দেয়া হয় এই ক্ষতির অর্থ। তবে, এরপর ২০২১ থেকে ২৫ পর্যন্ত ক্ষতি বাবদ আরো সোয়া ২৫ লাখ ইউরো চাওয়া হলে, তা অনুমোদন করেনি কেন্দ্রীয় ব্যাংক। ফলে, অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয় জনতা এক্সচেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, এভাবে ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান চালানোর কোনো যৌক্তিকতা নেই।
সম্প্রতি জনতা ব্যাংকের সার্বিক কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষা চালায় বাংলাদেশ ব্যাংক। যেখানে, অব্যাহত লোকসানের কারণে, ইতালিতে থাকা সহযোগী প্রতিষ্ঠানের দুই শাখা বন্ধের সুপারিশ করা হয়। তবে, এতে রাজি না হয়ে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হস্তক্ষেপ চায় জনতা ব্যাংক। তারই প্রেক্ষিতে, ভাবমূর্তি খোয়ানোর সঙ্কটে, সিদ্ধান্ত থেকে সরে আসার আভাস দেয়া হয়। অর্থাৎ, ভর্তুকি দিয়ে কার্যক্রম চালু রাখার পক্ষে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমাদের পরিদর্শন দলের রিপোর্ট অনুযায়ী প্রতিমান হয়েছে যে এই শাখাগুলো এখন চালু রাখার যৌক্তিক কোন কারণ নেই।
চলতি বছরের প্রথম ছয় মাসেও ৮৪ হাজার ইউরোর ওপরে লোকসান করে ওই দুই প্রতিষ্ঠান।
