কাল অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। যেখানে নিজেদের প্রস্তাবনা জমা দিতে পারেন মালিকপক্ষ। পর্যালোচনা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও। যদিও, শ্রমিকদের প্রস্তাব আর মালিকদের চিন্তা-ভাবনার মধ্যে বড় ব্যবধান রয়েছে। মালিকদের চাওয়া, আগামীতে নতুন বোর্ডের বদলে বছরভিত্তিক সমন্বয় প্রথা। আর গ্রেডভিত্তিক ব্যবধান কমানোর পক্ষে শ্রমিক প্রতিনিধি।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মাস খানেক ধরে অস্থির দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই পরিস্থিতি চলমান থাকার আভাস দিয়েছেন শ্রমিক নেতারা। কিন্তু কত টাকা মজুরি নির্ধারণ করলে স্বস্তিতে থাকবেন দু-পক্ষ, তা নিয়ে চলছে চুলচেঁড়া বিশ্লেষণ।
২০২৩ সালের কাঠামো অনুযায়ী, বর্তমানে পোশাক শ্রমিকদের ৪টি গ্রেড রয়েছে। এরমধ্যে প্রথম গ্রেডে সর্বোচ্চ ১৫,০৩৫ টাকা এবং চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার। এবার সেখানে ১৫৬ থেকে ২১৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন বোর্ড সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তারমতে,পুরনো বৈষম্য দূর করতেই এমন উদ্যোগ।
নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও সদস্য বাবুল আখতার বলেন, আমরা চার নাম্বার গ্রেডের জন্য ৩২ হাজার টাকা বলছি। কিন্তু চার নাম্বার গ্রেডে শ্রমিকদের সংখ্যা হবে ৫ থেকে ১০ শতাংশ এবং পিয়ন পদে যারা কাজ করেন তাদেরকে স্টাফ বলা হয়, তারা সকাল আটটা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত ১২ ঘন্টা কাজ করে কিন্তু তাদেরকে ওভারটাইম দেওয়া হয় না । নূন্যতম মজুরি ঘোষণার সময় যাতে বৈষম্য না হয়, গ্রেট অনুযায়ী সেটি আমাদের বিবেচনায় নিতে হবে।
বর্তমান মজুরি হারের সঙ্গে শ্রমিক প্রতিনিধির প্রস্তাবনায় বিশাল ব্যবধান থাকায় বিপাকে পড়েছেন মালিকপক্ষ। তবে সিপিডির সুপারিশ কিছুটা আশা জাগাচ্ছে সেক্ষেত্রে। যদিও, সেখানেও নানা পর্যবেক্ষণ রয়েছে মালিক পক্ষের।
বিজিএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান জানান, আমাদের প্রস্তাবনার পক্ষে কথা বলবে ডাটা, সেটা নিয়ে মজুরি বোর্ডে আলোচনা হবে। আমরা একটা কথা ভুলে যাচ্ছি মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধির বাইরেও দুইজন প্রতিনিধি আছে একজন নিরপেক্ষ প্রতিনিধি আরেকজন চেয়ারম্যান সুতরাং যদি আমাদের শ্রমিক প্রতিনিধি এবং মালিক প্রতিনিধির মধ্যে যদি ফারাকটা বেশি থাকে সেইটা কিভাবে এড্রেস করবেন সেটার দায়িত্ব হল নিরপেক্ষ সদস্য এবং চেয়ারম্যানের।
শ্রমিক সংগঠনগুলোর হিসাবে, প্রায় ৭০ শতাংশ শ্রমিক দ্বিতীয় ও তৃতীয় গ্রেডে কাজ করেন। এই বিশ্লেষকের মতে, শুধু চতুর্থ গ্রেডের হিসাব করলে হবে না, অভিজ্ঞ ও পুরনো শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে সবার আগে।
নতুন কাঠামোতে শুধু ন্যূনতম মজুরি নয়, আছে মূল বেতন এবং লক্ষ্যমাত্রাভিত্তিক কাজের পুনর্মূল্যায়নের বিষয়ও।
