রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে শহীদ আনোয়ারা পার্ক ছিলো এলাকার মানুষের কাছে আশীর্বাদস্বরূপ। একসময় হাজারো মানুষ ছোট্ট উদ্যানটিতে হাঁটাচলা করতো, শিশুরা খেলতো, কম আয়ের মানুষ ক্লান্তি দূর করতে জিরিয়ে নিতো। কিন্তু মেট্রো রেলের অফিস এবং অবকাঠামো রাখায় বন্ধ রয়েছে গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত পার্কটি।
বছর কয়েক আগে ফার্মগেটের গা ঘেঁষা ছোট্ট এ উদ্যানটি ছিলো সবুজ গাছ গাছালিতে ভরা। অল্প সময়ের ব্যবধানে সেই জায়গায় সবুজের ছিটেফোঁটা নেই। গড়ে তোলা হয়েছে দোতালা ভবনে মেট্রোরেলের অফিস। রাখা হয়েছে নির্মাণ সামগ্রী।
গরমের পারদ যেখানে প্রতিদিন বেড়েই চলেছে সেখানে গাছ কেটে নষ্ট করা হয়েছে সবুজ উদ্যানটি। তাই সরব হয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ, জড়ো হয়েছেন শহীদ আনোয়ারা পার্ক রক্ষায়।

একাত্তরকে ফল বিক্রেতা আসলাম মিয়া বলেন, ৪৯ বছর ধরে এ এলাকায় বাস করছেন তিনি। ছোটবেলা থেকে এই পার্ককে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে তার। ছিলো একটুখানি আশ্রয়ের জায়গা।
আসলাম মিয়া বলেন, বিভিন্ন এলাকার যত স্থানীয় বাসিন্দা রয়েছেন, আসহায়-গরীব সবাই এ পার্কে আসতেন। বসে বিশ্রাম নিতেন। একটাই অনুরোধ যাতে পার্কটা ফিরিয়ে দেয়া হয়।
মানববন্ধনে আসা সকলের দাবি, শহীদ আনোয়ারা উদ্যান থেকে মেট্রোরেলের সকল সরঞ্জাম সরিয়ে আবারও যেনো সবুজে ঘেরা উদ্যান ফিরিয়ে দেয়া হয়, যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন নগরবাসী।
কামরাঙ্গীরচরে উচ্ছেদ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তাপস