বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। একই সঙ্গে একাডেমির চারটি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
নতুন চার পরিচালক হলেন- চলচ্চিত্র নির্মাতা শাহীন দিল-রিয়াজ (প্রশিক্ষণ বিভাগ), গণমাধ্যম বিশেষজ্ঞ ড্যানিয়েল আফজালুর রহমান (প্রযোজনা বিভাগ), শিল্প-গবেষক সালমা জামাল মৌসুম (গবেষণা ও প্রকাশনা বিভাগ) এবং নাট্যব্যক্তিত্ব দীপক কুমার গোস্বামী (নাটক ও চলচ্চিত্র বিভাগ)।
মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে রেজাউদ্দিন স্টালিনকে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তীকালে গত বছর সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন সৈয়দ জামিল আহমেদ। এ বছর ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ ঘোষণা করলে, ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির সচিব মো. ওয়ারেছ হোসেন।
১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়। এর এক সপ্তাহের মধ্যেই নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হলো রেজাউদ্দিন স্টালিনকে।
আশির দশকের উল্লেখযোগ্য কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্যসচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন নেতৃত্বের অধীনে শিল্পকলা একাডেমি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্গঠিত হবে। অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা বিকাশ, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক আইকন ও ঘটনাবলি উদ্যাপন- এসব বিষয় অগ্রাধিকার দেয়া হবে। একাডেমি নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যাতে শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করা যায়। এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
