রাজধানীর বনানীতে বাসযাত্রীর পকেট থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। একই সঙ্গে চোরকে উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বনানী থানায় হস্তান্তর করেছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বনানী কবরস্থানসংলগ্ন এলাকা (টেঙ্গু-২৮ পয়েন্টে) এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম হৃদয় মাহমুদকে (৪৩)। তিনি গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, সকালে বনানী কবরস্থান সংলগ্ন এলাকায় দায়িত্বরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট নাজমুল ইসলাম। বেলা ১১টার দিকে একটি বিআরটিসি বাস থেকে হঠাৎ হৈচৈয়ের শব্দ পেয়ে তিনি এগিয়ে যান। সেখানে দেখেন, এক ব্যক্তি বাস থেকে নামার সময় এক যাত্রীর মোবাইল ফোন টান মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এসময় সার্জেন্ট নাজমুল অভিযুক্ত হৃদয় মাহমুদকে ধাওয়া করে হাতেনাতে ধরে ফেলেন। তখন উত্তেজিত জনতা সেখানে অভিযুক্তকে মারধরের চেষ্টা চালায়। তবে সার্জেন্ট নাজমুল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিয়ে তাকে নিরাপদ আশ্রয়ের জন্য পাশের ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান।
পরবর্তী সময়ে ভুক্তভোগী উদ্ধার হওয়া মোবাইল ফোনটি নিজের বলে শনাক্ত করলে তার কাছে সেটি বুঝিয়ে দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে বনানী থানার উপপরিদর্শক (এসআই) কামালের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
