রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, উদ্ভূত সার্বিক পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। শনিবার (৬ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ করা আইনজীবীর মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে এই নোটিশ বেআইনি বলে দাবি করলেও আজ আইনজীবী শিশির মনির জানান, শোকজের আনুষ্ঠানিক ও যথাযথ জবাব দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরই মধ্যে আজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বড়ো অঙ্কের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলো।
আদ্-দ্বীনকে শোকজ, গ্রামে চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স: স্বাস্থ্যমন্ত্রী
লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, দাবি আদ্-দ্বীন কর্তৃপক্ষের