ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে এসব অটোরিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়নও করা হবে না। এজন্য বিধিমালায় প্রয়োজনীয় বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন এবং পৌরসভার আওতায় রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসছি। সেখানেই কিছু শর্ত দেওয়া হবে যে, তারা যে চার্জ দেবে, সেটি অবশ্যই সৌরবিদ্যুতে হতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা সিটিতে আট জোনে আলাদা আলাদা রঙে ই-রিকশা রাখা হচ্ছে। এক জোনের রিকশা অন্য জোনে যেতে পারবে না। পর্যায়ক্রমে অন্য সিটিতে এটি করা হবে।
সরকারের ছয় মাসে এই মন্ত্রণালয়ে কাজের মূল্যায়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, কাজ করার জন্য এটা খুব কম সময়। আরও অনেক কিছু করার আছে।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এই মন্ত্রনালয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে বলে জানান তিনি।
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর