রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে চরম তাণ্ডব চালিয়েছে হকাররা। অভিযানের একপর্যায়ে পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময় বিক্ষুব্ধ হকাররা ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করে। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুরের হোপ মার্কেট এলাকা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ১০ থেকে ১৪ নম্বর অভিমুখী সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পুলিশ যৌথভাবে হোপ মার্কেট ও ফুটপাতের ‘অবৈধ’ দোকানপাট উচ্ছেদে অভিযানে নামে। এতে বাধা দিয়ে সড়ক অবরোধ করেন হকাররা। একপর্যায়ে হকারদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। হকাররা সংগঠিত হয়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
সংঘর্ষের ঘটনা কাভার করতে যাওয়া পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপরও অতর্কিত হামলা চালায় বিক্ষুব্ধ হকাররা। তারা একাত্তর টেলিভিশনসহ কয়েকটি সংবাদমাধ্যমের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে। এ সময় হামলায় সময় টেলিভিশনের এক ক্যামেরাম্যানের মাথা ফেটে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক।
মিরপুর মডেল থানা-পুলিশ জানিয়েছে, সকালের দিকে উচ্ছেদ অভিযান নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর হকারদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
