রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মো. আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে ওই জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরদিন রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে অন্যান্য সংসদ সদস্যদের মতো আজিজুল ইসলামও তাঁর সংসদ সদস্য পদ হারান।
