মোংলায় দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ১৩ মাসের শিশুর গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে মুখোশধারীরা।
বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ চাঁদপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপাই গ্রামের মুদি, ঘের ও গাড়ী ব্যবসায়ী আসলাম মৃধা সাগর (৩১) অন্যান্য দিনের মত বুধবার রাতে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে মুখোশধারীরা সাগরের দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে পড়েন।
এ সময় মুখোশধারীরা তাদের একমাত্র শিশু কন্যা তাসলিনের গলায় ছুরি ধরে আলমারির চাবি চান। এতে সাগর ও তার স্ত্রী নীলা বেগম (২৬) ভয়ে তাদেরকে চাবি দিয়ে দেন। চাবি নিয়ে মুখোশধারীরা আলমারিতে থাকা নগদ ৭০ হাজার টাকা ও পাঁচ-ছয় ভরি ওজনের স্বর্ণের গহনা নিয়ে যান।
আরও পড়ুন: কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হোটেল ম্যানেজার আটক
সাগর বলেন, রাত তিনটার দিকে দরজা ভেঙ্গে দুইজন মুখোশধারী লোক ঘরে ঢুকে আমাদের ১৩ মাস বয়সের শিশু কন্যার গলায় চুরি ধরে চাবি নিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় ঘরের মধ্যে দুইজন ঢোকেন। বাইরে আরও কেউ ছিল কিনা তা আমরা দেখিনি। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছি, পুলিশ এসে পরিদর্শনও করে গেছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে
