চাবি আটকে রাখায় অ্যাম্বুলেন্সেই প্রাণ হারালো শিশু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮ পিএম

সাভারে চালকের বাগবিতণ্ডায় অ্যাম্বুলেন্সের মধ্যে ছটফট করতে করতে প্রাণ হারাল ৯ বছরের এক শিশু। ব্যস্ত মহাসড়কে শত শত মানুষের চলাচল থাকলেও অসহায় পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে দুপুরে শিশু আফসানাকে নিয়ে অ্যাম্বুলেন্সটি গ্রামের বাড়ি গাইবান্ধায় ফিরছিল। পথে আশুলিয়ার-বাইপাইলে ওভারটেকিংয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করেন একটি মাইক্রোবাসের চালক। 

এক পর্যায়ে অ্যাম্বুলেন্সের চাবিটিও ছিনিয়ে নেন তিনি। পরিবারের সবাই অনুনয়-বিনয় করে অসুস্থ শিশুর কথা বলছিল বারবার। তবু মাইক্রোবাসের চালকের মন গলেনি। 

উল্টো তার আরো কয়েকজন সহযোগীকে ফোনে ডেকে এনে অ্যাম্বুলেন্সের চালককে মারধর করতে থাকেন। ততক্ষণে ছটফট করতে করতে বাবার কোলেই মৃত্যু হয় শিশু আফসানার।

নিহত শিশু আফসানা আক্তার গাইবান্ধা জেলার সদর থানার মধ্য ধানগড়ার সাপলামিল এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় চার মাস ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। 

আরও পড়ুন: খাবারে বিষক্রিয়ায় একজনে মৃত্যুর পর আতঙ্ক

সেখান থেকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করলে আফসানাকে নিয়ে ঢাকায় আসে পরিবার। ডাক্তার দেখিয়ে অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা।

খবর পেয়ে পাশে থাকা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অ্যাম্বুলেন্সের চাবি সংগ্রহ করলেও অভিযুক্ত মাইক্রোবাসের চালকসহ অন্যরা পালিয়ে যায়। তবে জব্দ করা হয় মাইক্রোবাসটি।

দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্সের চাবি পেয়ে পাশের নারী ও শিশু হাসপাতালে শিশুর নিথর দেহ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন, হাসপাতালে আসার আগেই শিশু আফসানার মৃত্যু হয়েছে। 

নিহত শিশুর বাবা আলম মিয়া বলেন, 'আমার মেয়ে ক্যান্সারের রোগী। রংপুর থেকে মহাখালীতে ডাক্তার দেখিয়ে এম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলাম। সাইড না দেয়ায় মাইক্রোবাসের লোকজন অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মারধর শুরু করে। চাবি নিয়ে যায় তারা। দীর্ঘ সময় অনুরোধ করেও চাবি ফেরত পাইনি। একসময় আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা গেল।'

প্রত্যক্ষদর্শী পারভেজ বলেন, 'ঘটনার সময় অনেকেই দাঁড়িয়ে ছিল। অনেকেই বলেছে চাবি ফেরত দিতে। কিন্তু তারা দেয়নি। এটার বিচার হওয়ার দরকার। মাইক্রোবাস চালকের কারণেই শিশুটির করুণ মৃত্যু হয়েছে।'

পুলিশ জানায়, এর আগে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে সাইড দেওয়া না দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালক। 

সেই সূত্র ধরে বাইপাইলে অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে মাইক্রোবাসটি। মাইক্রোবাসের চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম নজরুল ইসলাম। তিনি আশুলিয়ার বাইপাইলে আব্দুল মজিদের মালিকানাধীন মাইক্রোবাসটি রেন্ট-এ-কারের চালক। তার সঙ্গে থাকা অন্যদের নামও প্রাথমিকভাবে জানা গেছে।

আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় নারী ও শিশু হাসপাতাল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অভিযুক্ত চালকসহ সকলের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এসজে
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর