বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পূর্বপাড় থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলা শুরু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইল রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে জানান এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত।
হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করায় বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা ১১টার দিকে আবার শুরু হয় বৃষ্টি। ফলে সচল হওয়া যানবাহনের গতি মন্থর হতে শুরু করে।
এতে সড়কের কালিহাতীর সল্লা থেকে পুংলী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আবারো গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। একটার পর থেকেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও জেলা পুলিশের ট্রাফিক ইন্সেপেক্টর মো. হারুনুর রশিদ জানান, রাতে বৃষ্টি হওয়ার পর যানবাহনের চালকরা গাড়িতে ঘুমিয়ে পড়ে। এতে শেষ রাতের দিকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।
যানজট নিরসনে পুলিশ কাজ শুরু করায় যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বেলা ১১টার দিকে আবারো বৃষ্টি শুরু হওয়ায় সেতুর পূর্বপাড়ের সল্লা থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত যানবাহনের আবার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
তবে বৃষ্টিকে উপেক্ষা করেই পুলিশ যানজট নিরসনে কাজ করায় যান চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশর ইন্সপেক্টর মো. এশরাজুল হক ও বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
একাত্তর/টিএ
