বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস নিয়ে মিথ্যাচার এবং বিকৃতি ঘটানো হয়েছিলো বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো।
শুক্রবার (২৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে খেলাঘরের দুই যুগ পূর্তি এবং পঞ্চম সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ বছরের মুক্তির সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার সামনে সঠিকভাবে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
সেই কালো অধ্যায় যেন আর ফিরে না আসে সেই প্রত্যয় ও শপথ নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া দেশের কোনো উন্নয়ন চায়নি। কিন্তু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রায় ২২ বছর রাষ্ট্র ক্ষমতাকালে দেশের সর্বত্র উন্নয়ন ঘটছে।
একাত্তর/ এনএ
