দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক পথচারী।
মঙ্গলবার (১২ জুলাই) এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করায় প্রায় এক ঘণ্টা বন্ধ ছিলো ওই মহাসড়কে যান চলাচল।
নিহত নুর আলম (২৮) দিনাজপুর সদর উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে। এই দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে দশমাইল অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক গোপালগঞ্জ বাজারের কাছে পথচারী নুর আলমকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ
দিনাজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। ফলে প্রায় এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
একাত্তর/এসজে
