বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে আটটায় উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের কালেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী তানসেন ইসলাম (৬০), টগর আলী (৩৫), আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকার চালক সুমন।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত টগর আলীর পিতা তানসেন ইসলাম ক্যান্সারের রোগী ছিলেন। তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।
কাহালু ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রুবেল রানা জানান, সকাল সোয়া ছয়টায় নওগাঁর ধামুরহাট থেকে রোগী নিয়ে প্রাইভেটকারটি বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিল।

এসময় ঢাকা থেকে একটি পিকআপ নওগাঁ যাবার সময় প্রাইভেটকারটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত চার, আহত ১০
খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আম্বার হোসেন জানান, সংঘর্ষের পরপরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে পুলিশ প্রাইভেটকার ও পিকআপ দু'টিকেই জব্দ করেছে।
একাত্তর/এসজে
