লক্ষ্মীপুর যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসটির অন্তত ১০ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
বুধবার (৩ আগস্ট) ভোর ছয়টার দিকে লক্ষ্মীপুর সদরের বটতলী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া। তিনি রামগতির আলেকজান্ডার এলাকার আব্দুল মালেক ছেলে এবং ওই বাসটির সুপারভাইজার ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন বাসের সহকারী জানান, ভোর ছয়টার রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৯-২৪২৪) লক্ষ্মীপুর হয়ে ঢাকা যাচ্ছিলো। পথে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের বটতলী পৌঁছালে শাখা সড়ক থেকে হঠাৎ মূল সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশা উঠে আসে।
আরও পড়ুন: 'বাংলাদেশ কেন শ্রীলঙ্কার মতো সংকটে পড়বে না'
তিনি জানান, এ সময় অটোরিকশাটিকে পাশ কাটাতে গিয়ে সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি হয়ে পড়ে বাসটি। সংঘর্ষ এড়াতে চালক রাস্তার বাইরে বাস সরানোর চেষ্টা করেন। কিন্তু সড়কের পাশে কাদা থাকায় বাসটি পিছলে খাদে গিয়ে পড়ে। এতে নিহত হন বাদশা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের মরদেহও আনা হয়েছে সদর হাসপাতালে।
একাত্তর/এসি
