নারায়ণগঞ্জে র্যাবের হাতে ৩৭ হাজার বোতল মদ উদ্ধারের ১২ দিন পরই জামিনে মুক্তি পেয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজের বাড়িতে ফিরেছেন ওই ঘটনার মূলহোতা আজিজুল চেয়ারম্যান। এসময় সমর্থকরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আজিজুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন নেন। পরে বিকাল ৪টার দিকে তিনি প্রথমে ষোলঘর ইউনিয়ন পরিষদে ও পরে তার নিজ বাড়িতে আসেন।
সমর্থকদের উদ্দেশ্যে আজিজুল ইসলাম বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন। মদের চালান তিনি আনেননি। সুষ্ঠু বিচারে নির্দোষ প্রমাণিত হবেন ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, 'ব্যবসা করে টাকার মালিক হয়েছেন। এমনও হয়েছে তিন মাসে চারশো'' কোটি টাকা ট্যাক্স দিয়েছি। এটা অনেকের সহ্য হচ্ছে না।'
উল্লেখ্য, গত ২৩ জুলাই চট্টগ্রাম বন্দর থেকে আসা দুইটি কাভার্ডভ্যান নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আটক করে র্যাব। এসময় সেখান থেকে আজিজুল ইসলামের দুই কর্মচারীকে আটক করা হয়।
পরে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় আজিজুল ইসলামের ছেলে আহাদকে। আজিজুল ইসলামের ঢাকার বাড়ি থেকে র্যাব উদ্ধার করে কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা।
আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষককে পেটানো চেয়ারম্যান হাজতে
পরদিন র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুরো অভিযানের বিষয়টি তুলে ধরা হয়। এই ঘটনায় র্যাব আজিজুল ইসলাম, তার দুই ছেলে ও কর্মচারীসহ ১১ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে।
সূত্র জানায়, উচ্চ আদালত আজিজুল ইসলাম ও তার বড় ছেলের চার সপ্তাহের জামিন দিয়েছে। তবে র্যাবের হাতে আটক ছোট ছেলে আহাদের এখনো জামিন হয়নি।
একাত্তর/এসজে
