টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দলটির দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত শোক র্যালিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে।
সোমবার (১০ অক্টোবর) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে শোক র্যালি বের করা হলে তা পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে র্যালিতে থাকা নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পুলিশের নিন্দা জানিয়ে বিএনপি নেতা ফরহাদ ইকবাল বলেন, পুলিশ বলেছে সরকারের বিরুদ্ধে সড়কে কোনো ধরনের কর্মসূচি করতে দেওয়া হবে না।
আরও পড়ুন: সিংড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ: আরও একজনের মৃত্যু
এ ব্যাপারে টাঙ্গাইল সদরের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, যে সব এলাকায় মানুষের চলাচল বেশি থাকে ওইসব এলাকায় মিছিল, মিটিং না করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিএনপির পক্ষ থেকে তা মানা হয়নি। তাই তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
একাত্তর/এসি
