মিতু হত্যা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ সাত আসামির বিরুদ্ধে পিবিআইয়ের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
সোমবার (১০ অক্টোবর) শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। আসামিপক্ষে অভিযোগপত্রের উপর নারাজি এবং পুন:তদন্তের আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী জানান, গত ১৩ সেপ্টেম্বর মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছিল তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
এছাড়া পলাতক দুই আসামি মুসা ও কালুর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলেও জানান তিনি।
পিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, অন্য নারীর সাথে সম্পর্কের জেরে বাবুল তার সোর্সের মাধ্যমে স্ত্রী মিতুকে হত্যা করান।
আরও পড়ুন: টাঙ্গাইলে পুলিশি বাধায় পণ্ড বিএনপির মিছিল
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গয়ে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে দুষ্কৃতকারীদের গুলি ও ছুরির আঘাতে নিহত হন মিতু।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন বাবুল আক্তার। নিজের করা মামলাতেই এখন কারাগারে আছেন বাবুল। গত বছরের ১২ মে এ মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
একাত্তর/এসজে
