কুড়িগ্রাম সদর উপজেলায় অটোরিকশা চার্জ দেয়ার বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার পানাতিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারী রমিছা বেগম (৩০) ওই গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জননী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বিদ্যুতের লাইনে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও চার্জ দেয়ার বিদ্যুতের তার অরক্ষিত পড়েছিল। ওই তার গোটাতে গেলে বিদ্যুতায়িত হয়ে মূর্ছা যান রমিছা। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রূপগঞ্জে ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে নিহতের পরিবারের কেউ কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
একাত্তর/জো
