রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক মেম্বার স্বপর মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন মিয়া বাঁশগাড়ি ইউনিয়নের বটতলী কান্দি গ্রামের হাজী সিরাজ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে একাধিক হামলার ঘটনার ঘটেছে। এতে উভয়েরই সর্মথকের মৃত্যুসহ অনেকে গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে স্বপন মেম্বার বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হয়। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বটতলী কান্দি গ্রামের জোরবিল্লার ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ধারনা করা হচ্ছে, অজ্ঞাতনামা দূর্বৃত্তরা রাতের যে কোনো সময়ে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে যায়।
বাঁশগাড়ি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মীর মাহবুব জানান, সকালে স্বপন মেম্বারের মরদেহ জুরবিলা ঘাট থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতালে তার মুখ ও কাধেঁ বড় ধরনের ক্ষত লক্ষ্য করা গেছে। এই ক্ষতগুলো গুলির সাহায্যে হতে পারে। মরদেহ রায়পুরা থানায় পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
একাত্তর/এআর
