সিরাজগঞ্জের রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর বাড়ি সংলগ্ন তার শ্বশুর আব্দুস ছামাদ শেখের বাড়ি ঘরজামাই থাকতেন।
ভিকটিম বাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, অভিযুক্ত হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর নিকটাত্মীয়। ৯ মার্চ মধ্যরাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে হাসান আলী আত্মীয়তার সুবাদে তাকে ঘরে ডেকে নেয়। পরে তাকে ফুসলিয়ে নেশাযুক্ত খাবার খাওয়ান। ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে রাতভর ধর্ষণ করে অভিযুক্ত। একপর্যায়ে জ্ঞান ফিরলে ধর্ষিতা স্কুলছাত্রী চিৎকারে করে। এ সময় তার বাড়ির লোকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে পর্যটন বড় সহায়ক হবে: প্রতিমন্ত্রী
রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে আসামি হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে।
একাত্তর/আরএ
