ছিনতাইয়ের মামলায় ১৮ বছর ধরে পলাতক থাকা পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লার চান্দিনা থানা পুলিশ।
জানা গেছে, গ্রেপ্তার কবির হোসেনের (৪৫) বাড়ি চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামে।
পুলিশ জানায়, কিশোর বয়সে ৩০ বছর আগে কাজের তাগিদে চট্টগ্রামে যান চান্দিনা উপজেলার বাসিন্দা কবির হোসেন। সেখানে একটি রিকশা গ্যারেজে কাজ করার সময় ২০০১ সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে গ্রেপ্তার হন তিনি।
ওই মামলায় কয়েকবার কারাগারে যাওয়ার পর ২০০৪ সালে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিচারিক আদালত।
তবে জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান কবির হোসেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি প্রায় দেড় যুগ ধরে চান্দিনা থানায় পড়ে ছিল।
সম্প্রতি স্থানীয়রা জানায়, কবির হোসেন চট্টগ্রামেই বসবাস করেন। এই তথ্য পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: সোনারগাঁয়ে ১৫ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তারি পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
একাত্তর/এসজে
