রাঙ্গামাটি সদর উপজেলার মানিকছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কালেক্টর রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমা (৪৭) নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকছড়ির সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ইউপিডিএফ সদস্য রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমা সাংগঠনিক কাজে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসী দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পরপরই সশস্ত্র সন্ত্রাসীরা মানিকছড়ি দক্ষিণ দিকে চলে যায়।
নিহত রুপান্ত চাকমা ওরফে লেজা চাকমার বাড়ি খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিমুলতলী গ্রামে বলে জানা গেছে। তার পিতার নাম লক্ষ্মী চন্দ্র চাকমা।
আরও পড়ুন: সেন্টমার্টিন অতিক্রম করেছে মোখার কেন্দ্র
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল আমিন জানান, মানিকছড়ির সাপছড়িতে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এদিকে এই ঘটনার কথা স্বীকার করে হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। তবে এই বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একাত্তর/আরবিএস
