পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় বোদা দেবীগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল ট্রাক্টর সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে আহত অবস্থায় প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই বোদা উপজেলার সদর ইউনিয়নের তৃতোপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সকালে একই মোটরসাইকেলে চার ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা এক আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। এসময় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট-লক্ষীরহাট এলাকায় পৌঁছলে একটি কাঠ বোঝাই ট্রাক্টরে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একাত্তর/আরএ
