বরগুনার আমতলীতে কুয়াকাটাগামী পিকনিকের বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এসময় নারী ও শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইসলাম নারায়ণগঞ্জ বন্দর থানার সল্পের চর গ্রামের শামসুদ্দিন বেপারীর ছেলে।
আহতদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, নারায়ণগঞ্জের বন্দর থেকে পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা পিকনিক করতে আসেন মো. ইসলাম। তাদের বহনকারী সেন্টমার্ট বাসটি ঘটখালী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযান, কারেন্ট জাল জব্দ
এসময় ওই বাসে থাকা ৪৫ জন যাত্রীর মধ্যে ১৮ জন আহত হন। তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. ইসলাম নিহত হন।
একাত্তর/এসজে
