ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
রোববার সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জসিম মিয়া বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় এসে ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনের কিছু ত্রুটির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ঢাকামুখী ডাউন লাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে বিকল্প লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী এলে দ্রুতই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানা যায়।
