চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে চার কেজি ২৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দর্শনার শ্যামপুর গ্রামের রহেল মন্ডলের ছেলে রেজাউল (৪৮) ও ইউসুফ আলীর ছেলে ইসরাফিল (৩২)।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে দর্শনা এলাকায় অভিযানে যাচ্ছিল একটি দল। এসময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকায় গিয়ে গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে দুই আরোহী। পরে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
এর মধ্যে রেজাউলের কোমরের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে চারটি স্বর্ণের বার পাওয়া যায়।
ঘটনাস্থলে পৌঁছে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজনের সামনে তাদের কোমড়ে জড়ানো বেল্টের ভেতর থেকে ওই চারটি স্বর্ণের বার জব্দ করা হয়। চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।
