সরকার বদলের ছয়দিন পর সোমবার থেকে চট্টগ্রাম নগরীর পাঁচটি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। আর তাদের সহযোগিতা করছেন শিক্ষার্থীসহ বিএনসিসি ও রোভার স্কাউট। এই কয়েকদিন শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেছেন নগরবাসী। এরই মধ্যে কাজে যোগ দেয়ার পর স্বাগত জানানো হয়েছে পুলিশ সদস্যদেরও।
চট্টগ্রাম পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর অপূর্ব পাল দীর্ঘ ৬ দিন পর ফিরেছেন নিজ কর্মস্থলে। তবে কাজে ফেরায় আনন্দ হলেও আন্দোলনের সময় সহকর্মীদের হারানোর কষ্ট ভুলতে পারছেন না। নগরীর ওয়াসার মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও কাজে যোগ দিতে পেরে খুশী। বলছেন শিক্ষার্থীদের সাথে সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করবেন তারা।
এতোদিন পুলিশের অনুপস্থিতিতে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, এই কাজে অভিজ্ঞতা না থাকলেও সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তারা।
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করছেন স্থানীয়রা। পাশাপাশি ট্রাফিক পুলিশের কাজে যোগ দেয়াকেও স্বাগত জানিয়েছেন।
সিএমপি পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, নগরীর পাঁচটি মোড়ে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে পুলিশ। মঙ্গলবার থেকে পুরো নগর জুড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
গত পাঁচ আগস্ট বিকেল থেকে চট্টগ্রামে সিএমপির ১৬টি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহার করা গাড়িও। রোববার থেকে সীমিত আকারে থানাগুলোতে কাজ শুরু করেছে পুলিশ।
যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিলেন বেনজীর