টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব শুরু হয়েছে। এ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে, তবে ইজতেমাকে ঘিরে কোনো ঝুঁকি দেখছেন না গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার।
জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলছেন, ইজতেমা নিয়ে কোনো থ্রেট বা ঝুঁকি নেই।
শুক্রবার দুপুরে ইজতেমা ময়দানে পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাজমুল করিম খান বলেন, মার্কিন রাষ্ট্রদূত তাদের সিকিউরিটি নিয়ে মাঝেমধ্যে মেজারমেন্ট করে থাকে। তারা তাদের মতো করে এলার্ট জারি করে। কিন্তু মাঠে থেকে এখানে কী আছে তা আমরা মেজারমেন্ট করে থাকি।
তিনি আরও বলেন, আমাদের মনে হচ্ছে না এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনও শান্তিপূর্ণভাবে আছি। তারা যদি রেড এলার্ট দিয়ে থাকে তা তাদের মেজারমেন্ট করে, আমি বিষয়টি জানি না। আমরা বিদেশি মেহমানদের দেখভাল করছি, তাদের নিরাপত্তা দিচ্ছি। ইজতেমার ভলান্টিয়ার যারা আছেন তারাও বাড়তি নিরাপত্তা দিচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করে দেশটির নাগরিকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়, টঙ্গী, গাজীপুর এবং আশেপাশের এলাকায় ভ্রমণকারীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, বিশ্ব ইজতেমা, আগামী ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি এবং ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল উত্তরে। সম্ভাব্য জনসমাগম হবে প্রায় চার মিলিয়ন।
এই বৃহৎ সমাবেশের কারণে ঢাকা মহানগরীর যানবাহন ও পথচারী চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। বিমানবন্দরে পৌঁছাতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এর ফলে ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে।
ওই পোস্টে করণীয় সম্পর্কে বলা হয়েছে- আপনার ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন এবং অতিরিক্ত ভ্রমণের সময় ও সম্ভাব্য বাতিল বিবেচনা করুন। যারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবেন, তারা অবশ্যই তাদের বিমান টিকিট সঙ্গে রাখুন এবং পুলিশ চেকপয়েন্টে তা দেখাতে প্রস্তুত থাকুন।
এছাড়া মার্কিন দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে বড় জনসমাগম, প্রতিবাদ বা বিক্ষোভের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়