মাদারীপুর সদর উপজেলার ধুরাইল এলাকায় আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে এ ব্যতিক্রমী প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
এদিন বিকেলের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই দলে দলে ভেলা বাইচ দেখতে ভিড় জমান নদীপাড়ে। দর্শনার্থীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা; নদীপাড়ে ছিলো না তিল ধারণের জায়গা।

প্রতিযোগিতায় ২০ জন অংশগ্রহণকারী কলা গাছের ভেলা তৈরি করে বাইচে অংশ নেন। রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় ইয়াসিন সরদার প্রথম, জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি বলেন, আমাদের গ্রামীণ ঐতিহ্য আজও মানুষের মনে জীবন্ত আছে। আধুনিকতার এই যুগেও গ্রামবাংলার সংস্কৃতি ও ক্রীড়া-সংস্কার ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগের প্রতীক। আমি চাই, প্রতি বছর নিয়মিতভাবে এমন প্রতিযোগিতা হোক— যাতে নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে পারে।
তিনি আরও বলেন, আমরা চাই তরুণ সমাজ খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত থাকুক। ভেলা বাইচের মতো উদ্যোগ স্থানীয় অর্থনীতি, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি গঠনে বড় ভূমিকা রাখে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটি প্রাণবন্ত আয়োজন করার জন্য।
স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা শেষে এলাকায় নৌকা বাইচের আয়োজন হলেও এবার প্রথমবারের মতো ভেলা বাইচ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন এখন ধুরাইল ও আশপাশের এলাকাবাসীর এক আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার তিন
কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বাস, আহত ১৫