উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গাজী মুক্তার হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রার্থীর গাড়িসহ ডজনখানে মোটরসাইকেল ভাঙচুর ও ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে (টেক্কারপোল বাজার) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে টেক্কা পোল বাজারে ভোট চাইতে এলে হঠাৎ একদল লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা প্রার্থীর গাড়িসহ ১০-১২টি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনার পরপরই মতলব উত্তর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাজী মুক্তার হোসেনের অভিযোগ, প্রচারে বাধা দিতে ঘোড়া প্রতীকের সমর্থক সুভা চেয়ারম্যানের নেতৃত্বে হামলা করা হয়েছে। এসময় গাড়ি ভাঙচুরসহ অন্তত ১৫ জন নেতা কর্মীকে জখম করা হয়েছে।
তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা মতলব থানায় লিখিত অভিযোগ করবো।
একই সঙ্গে নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবো।
শাজাহান খানের বিরুদ্ধে ভাইয়ের অভিযোগ পাহাড়