ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সফিক। তিনি ওই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। আটকরা হলেন- দুই ভাই আব্দুর রহমান ও ফয়জুর রহমান। তারাও ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সম্প্রতি স্থানীয় অলেক শাহ মাজারে ওরস চলাকালে তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের রুবেলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আব্দুর রহমান। এর জেরে মঙ্গলবার রাতে আব্দুর রহমানের বাড়িতে লোকজন নিয়ে যান রুবেলের ভাই সফিক। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সফিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন আব্দুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান। পাশাপাশি তারাও আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সফিককে মৃত ঘোষণা করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
