চট্টগ্রাম বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৪৭), তার পুত্রবধূ শামিমা আকতার (২৫) এবং ওষুধ কোম্পানি অপসোনিনেরর এমআর মো. শরীফ (৩৬)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয়রা জানায়, কক্সবাজারমুখী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে একইমুখী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন জন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও কয়েকজন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
