রাজবাড়ীর পাংশায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে পাংশা উপজেলার বালিয়াপাড়া এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের যাত্রী ও ট্রাকের চালকসহ মোট দশজন গুরুতর আহত হন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
