নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে কনের বাবাকে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের কেরনখলা গ্রামে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, কেরনখলা গ্রামের ওই কিশোরীর বাড়িতে বিয়ের সব আয়োজন সম্পন্ন ছিলো। বাড়িতে বরযাত্রীর জন্য গেট সাজানোসহ আত্মীয়-স্বজনদের দাওয়াতও দেওয়া হয়েছিলো। শুধু অপেক্ষা ছিলো বরযাত্রী আসার। এর মধ্যেই গোপনে খবর পেয়ে কনের বাড়িতে হাজির হন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
ঘটনামঞ্চে যাচাই-বাছাই করে কনের বয়স কম থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আমরা বিয়েটি বন্ধ করি।
সমাজ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে কোথাও এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার আহবানও জানান তিনি।
