সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
শনিবার (১ আগস্ট) ভোরে জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম অরুণ দেবনাথ (৪৫)। তিনি স্থানীয় বাসিন্দা। নিখোঁজ তিনজন হলেন পূর্ব ভবানীপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা। অনুষ্ঠান শেষে ভোরে তারা একটি ডিঙি নৌকায় করে নিজ গ্রামে ফিরছিলেন। পথে হাওরে হঠাৎ ঝড়ের কবলে পড়লে নৌকাটি উল্টে যায়।
এ সময় নৌকায় থাকা অধিকাংশ পুণ্যার্থী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধারকারী দল। বেলা ১১টার দিকে ডুবুরি দল অভিযান চালিয়ে অরুণ দেবনাথের লাশ উদ্ধার করে। তবে নিখোঁজ অন্য তিনজনের সন্ধান এখনও পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
