ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—কুশারিগাঁও গ্রামের চা-দোকানি শান্তি রানী এবং একই এলাকার বাসিন্দা সুঁই রাম।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির হাত থেকে বাঁচতে শান্তি রানীর চায়ের দোকানে আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন সুঁই রাম। ওই সময় হঠাৎ বিকট শব্দে চায়ের দোকানটিতে বজ্রপাত হয়। এতে চা-দোকানি শান্তি রানী ও গ্রাহক সুঁই রাম গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে।
